
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যা কার্যত এক ধরনের অবরোধে পরিণত হয়েছে। এর ফলে গত এক মাসে পারস্য উপসাগরে অন্তত ২,১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে।
১১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে তোলা ছবিতে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজের দীর্ঘ সারি দেখা যায়, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। এর মধ্যে ১২টি বৃহৎ গ্যাসবাহী জাহাজ এবং ৫০টিরও বেশি বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ অন্তর্ভুক্ত।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্যমতে, মঙ্গলবার ও বুধবার মিলিয়ে মাত্র ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছে। অথচ সংঘাতের আগে প্রতিদিন শতাধিক জাহাজ এই পথে চলাচল করত।
আরব নিউজ জানায়, যেসব জাহাজ প্রণালি পার হতে পেরেছে, সেগুলো ইরানের অনুমতি নিয়ে লারাক দ্বীপের কাছ দিয়ে বিকল্প পথ ব্যবহার করেছে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে অন্তত ৪৮টি জাহাজ এই রুটে চলাচল করেছে, যেগুলোর বেশিরভাগই ইরানের সঙ্গে সুসম্পর্ক থাকা দেশের।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে। বিশ্বে মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে হয়।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, যেসব জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, তাদের মালিকদের সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে। তবে মিত্র দেশ, যেমন মালয়েশিয়ার জাহাজের ক্ষেত্রে এই ফি মওকুফের ইঙ্গিত দিয়েছে ইরান।
এদিকে হরমুজে ইরানের নিয়ন্ত্রণের ফলে যুক্তরাষ্ট্র কার্যত কৌশলগত চাপে পড়েছে এবং এর প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি আরও জটিল হলে ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি জোরপূর্বক খুলতে সামরিক অভিযানকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।




