
১০ দিনের জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি, ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, লেবাননে কার্যকর ১০ দিনের যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি উন্মুক্ত থাকায় আন্তর্জাতিক পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরাঘচি আরও জানান, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থাগুলো নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করে প্রণালিটি ব্যবহার করবে। পুরো যুদ্ধবিরতি সময় জুড়ে এ ব্যবস্থা বহাল থাকবে।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম প্রধান দাবি ছিল। এরই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, ৮ এপ্রিল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও লেবানন সেই যুদ্ধবিরতির আওতায় ছিল কি না, তা নিয়ে মতবিরোধ ছিল। ইরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করে আসছিল লেবাননও ওই চুক্তির অন্তর্ভুক্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে আসছিল এবং ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনার সিদ্ধান্তের পর লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দিল ইরান।




