
ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি জোরপূর্বক খোলার জন্য সামরিক পদক্ষেপের অনুমোদন চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটি ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স।
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ এই প্রণালির মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নৌপথটি এখন তাদের দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুদের জন্য এটি বন্ধ থাকবে।
এই অবরোধের ফলে পারস্য উপসাগরে গত এক মাসে অন্তত ২,১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার। এর প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি এবং বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।
এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী খুলতে বাহরাইন জাতিসংঘের মাধ্যমে বলপ্রয়োগের অনুমোদন চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে। শুক্রবার ভোট হওয়ার কথা ছিল, তবে রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। তিন দেশের পক্ষ থেকে জানানো হয়, সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দেয় এমন কোনো উদ্যোগ নীতিগতভাবে তাদের বিপক্ষে।
জাতিসংঘের কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়া প্রায়ই ইরানের পাশে দাঁড়িয়েছে। তবে ফ্রান্সের অবস্থান এবার নতুন মাত্রা যোগ করেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগেই বলেছেন, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি খোলা ‘অবাস্তব’ এবং এটি বাস্তবায়নে দীর্ঘ সময় লাগবে, সঙ্গে নৌ চলাচল আরও ঝুঁকির মুখে পড়বে। তিনি জোর দিয়েছেন, সংকট সমাধান কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব এবং ভবিষ্যতে ইউরোপীয় ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ফ্রান্স।




