
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশের নিরিবিলি পরিবেশে ছোট্ট একটি চায়ের দোকান এখন পর্যটক, বাইকার ও স্থানীয়দের প্রিয় আড্ডাস্থলে পরিণত হয়েছে। ‘সাদ্দামের দোকান’ নামে পরিচিত এই চায়ের দোকানে প্রতিদিন বিক্রি হয় প্রায় ৪০০ কাপ চা।
সকালের আলো ফুটতেই শুরু হয় সাদ্দাম মিয়ার ব্যস্ততা। ঠেলাগাড়িতে করে পানির বোতল, কেটলি, চায়ের কাপ, চেয়ার-টুলসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি পৌঁছে যান দোকানে। মাটির চুলায় আগুন জ্বালিয়ে বড় কেটলিতে পানি বসানোর পরই চারদিকে ছড়িয়ে পড়ে গরম চায়ের সুগন্ধ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ভাড়াউড়া চা-বাগানসংলগ্ন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এক পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যান, অন্য পাশে সবুজ চা-বাগান—প্রাকৃতিক পরিবেশই দোকানটির সবচেয়ে বড় আকর্ষণ।
একসময় ‘চাচার দোকান’ নামে পরিচিত এই চায়ের দোকান এখন স্থানীয়দের কাছে ‘সাদ্দামের দোকান’ হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন এখানে প্রায় ৪০০ কাপ দুধ চা ও রং চা বিক্রি হয়। পাশাপাশি পান, বিস্কুট, কেক ও কলাসহ বিভিন্ন হালকা খাবারও পাওয়া যায়।
নিয়মিত আগত দ্বীপ চক্রবর্তী বলেন, “দিনে অন্তত একবার এখানে না এলে যেন দিনটাই অসম্পূর্ণ লাগে।”
স্থানীয় বাইকার সোলেমান পাটোয়ারির ভাষ্য, “শহরের কোলাহল থেকে দূরে এই জায়গার আলাদা আকর্ষণ আছে। এখানে বিদ্যুৎ বা ফ্যান নেই, প্রকৃতির বাতাসই সবকিছুর ঘাটতি পূরণ করে দেয়।”
আরেক দর্শনার্থী জীবন পাল বলেন, “চা খাওয়ার চেয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতেই এখানে আসি। এখানকার পরিবেশ মনকে শান্ত করে।”
দোকানটির পরিচালক সাদ্দাম মিয়া জানান, তাঁর বাবা সবর আলী ২০০৩ সালে ছোট পরিসরে এই চায়ের দোকান শুরু করেন। বর্তমানে বয়সের কারণে বাবা কম সময় দেন, তাই তিনিই দোকান পরিচালনা করছেন।
তিনি বলেন, “শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। পাশাপাশি দেশ-বিদেশের পর্যটক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, অভিনেতা, লেখক ও সাংবাদিকরাও আমাদের দোকানে চা খেতে এসেছেন। আমরা সবার জন্য ভালো মানের চা ও আন্তরিক সেবা দেওয়ার চেষ্টা করি।”
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক জানান, শ্রীমঙ্গলের পর্যটন মানচিত্রে এই চায়ের দোকানটি এখন একটি পরিচিত গন্তব্য। লাউয়াছড়া জাতীয় উদ্যান ও চা-বাগান ঘুরতে আসা অনেক পর্যটকই শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে এখানে ভিড় করেন।




