
⚽ ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানীতে জার্সি ডিজাইন কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শো
গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী জার্সি ডিজাইন কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শো।
গত ৬ জুন রাজধানীর ধানমন্ডিতে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স এবং জার্মানি-এর থিমভিত্তিক জার্সি ও পোশাক ডিজাইন এবং প্রস্তুত করেন।
এর ধারাবাহিকতায় ৭ জুন রাজধানীর সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য স্ট্রিট ফ্যাশন শো। অনুষ্ঠানে মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম এবং বিভিন্ন দেশের জাতীয় পতাকার নকশায় তৈরি জার্সি ও পোশাক পরে অংশ নেন।
আয়োজকদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতা তুলে ধরা। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল উৎসবের আবহকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মের ডিজাইনারদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করা।




