Friday, November 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দেশহারা মানুষের বেদনার গল্প ‘লস্ট ল্যান্ড’, জাপানে প্রশংসা কুড়াচ্ছে

যুদ্ধ, নির্যাতন, দারিদ্র্য ও অনিশ্চয়তার কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া মানুষের জীবনের নির্মম বাস্তবতা তুলে ধরেছে জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো-এর নতুন চলচ্চিত্র Lost Land (রোহিঙ্গা ভাষায় হারা ওয়াতান)।

বর্তমানে জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়া ছবিটি মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবন, শরণার্থীশিবিরের অনিশ্চয়তা এবং উন্নত ভবিষ্যতের আশায় সমুদ্রপথে বিপজ্জনক অভিবাসনযাত্রার হৃদয়স্পর্শী গল্প তুলে ধরেছে।

চলচ্চিত্রটির গল্প এগিয়েছে দুই রোহিঙ্গা শিশুর চোখ দিয়ে। চার বছরের শাফি ও তার বড় বোন সমীরা বাংলাদেশের একটি শরণার্থীশিবিরে বড় হতে থাকে। পরে উন্নত জীবনের আশায় তারা মালয়েশিয়ার উদ্দেশে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। সেই যাত্রাপথে মানব পাচারকারী, ক্ষুধা, ভয়, মৃত্যু এবং অনিশ্চয়তার মধ্যেও মানবিকতার ছোট ছোট মুহূর্ত ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

চলচ্চিত্রটির অন্যতম শক্তিশালী দিক হলো এতে অভিনয় করেছেন শতাধিক বাস্তব রোহিঙ্গা শরণার্থী, যাদের কারও অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছিল না। নির্মাতা আকিও ফুজিমোতোর ভাষায়, প্রশিক্ষিত অভিনেতার অভিনয়ের চেয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাই পর্দায় তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন ইয়োশিও কিতাগাওয়া। হ্যান্ডহেল্ড ক্যামেরা, বাস্তবধর্মী দৃশ্যায়ন এবং আলো-আঁধারির নিখুঁত ব্যবহারে পুরো চলচ্চিত্রটি ডকুমেন্টারির মতো বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। আবহসংগীতে ছিলেন বিশ্বখ্যাত কম্পোজার আর্নস্ট রেইজেগার, যা ছবির আবেগকে আরও গভীর করেছে।

চলচ্চিত্রটির শেষ অংশে একটি আমগাছ দেশ, স্মৃতি, আশ্রয় ও আশার প্রতীক হয়ে ওঠে। এই প্রতীকী সমাপ্তি শুধু একটি শিশুর নয়, বরং পৃথিবীর সব দেশহারা মানুষের হারিয়ে যাওয়া পরিচয় ও নতুন আশ্রয়ের স্বপ্নের গল্প বলে।

ইতোমধ্যে Venice Film Festival-এ জুরি পুরস্কার অর্জন করেছে ‘লস্ট ল্যান্ড’। বর্তমানে টোকিওসহ জাপানের বিভিন্ন শহরে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে পরিচালক আকিও ফুজিমোতো জানান, সুযোগ হলে বাংলাদেশেও বড় পরিসরে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চান, যাতে রোহিঙ্গা ও বাংলাদেশি—উভয় দর্শকই ছবিটি দেখার সুযোগ পান।

Popular Articles