সমকালীন বাংলা গানে যে কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাঁদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কিতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি। মিফতাহ ভক্তদের জন্য সুখবর, এই ঈদে নতুন গান নিয়ে আসছেন শিল্পী। চাঁদরাতে প্রকাশিত হবে তাঁর নতুন গান ‘অন্য কারও গল্পে’। শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি পাওয়া যাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
‘অন্য কারও গল্পে’র কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ নিজেই। আর এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।
গানটি নিয়ে মিফতাহ বলেন, ‘গানটির লিরিকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, তা হলো এর স্টোরিটেলিং। মনে হচ্ছিল, একটা উপন্যাসের কোনো অধ্যায় পড়ছি; আর স্পেসিফিক ওই অধ্যায়ের আবেগ এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছোট্ট এক লিরিকে। ফলে সুর করার সময়ই পুরো দৃশ্যপট চোখে ভাসছিল। এ রকম স্টোরি থাকলে গান করতে আমার ভালো লাগে। গানটি তৈরির সময়টাও দারুণ উপভোগ করেছি।’




